Logo

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৯:৪৯
সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী জানান, প্রস্তাবিত কমিটিতে মোট ১৭ জন সদস্য রাখা হবে। এর মধ্যে সরকারি দল থেকে সাতজন এবং স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দল থেকে পাঁচজন অন্তর্ভুক্ত থাকবেন। বাকি পাঁচজন সদস্যের জন্য বিরোধী দলের কাছে নাম চাওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল দ্রুত সদস্যদের নাম প্রদান করলে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংসদের রুল ২৬৬ অনুযায়ী ইতোমধ্যে ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে পাঁচজন রাখা হয়েছে।

আইনমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, বিরোধী দল সহযোগিতা করলে খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যাবে এবং সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি ‘জুলাই সনদ’-এর আলোকে কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে, অধিবেশনে স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চ থেকে ১২ সদস্যের একটি তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে এবং বাকি সদস্যদের জন্য বিরোধী দলের কাছে নাম চাওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD