Logo

জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণে দেশজুড়ে খাল খনন করছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৩:১৬
জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণে দেশজুড়ে খাল খনন করছে সরকার
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যে দেশজুড়ে খাল খনন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সমাবেশে তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। টানা বৃষ্টির কারণে হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন সড়ক নির্মাণে কৃষিজমির ক্ষতি হতে পারে— তাই পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। এছাড়া সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালু করে তা ১২০০ শয্যায় উন্নীত করার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি শহরের উদ্দেশে রওনা হয়ে প্রথমেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেন।

বিজ্ঞাপন

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিমানবন্দরসহ নগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

এর আগে রাজধানীর গুলশান থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকাল ৯টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD