Logo

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শৃঙ্গে ইতিহাস গড়লেন বাবর আলী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৫:২৬
প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শৃঙ্গে ইতিহাস গড়লেন বাবর আলী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পর্বতারোহণে নতুন মাইলফলক স্থাপন করেছেন অভিযাত্রী বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালুর চূড়ায় আরোহণ করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছেন। একই সঙ্গে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি শৃঙ্গ জয়ের বিরল কৃতিত্বও অর্জন করেছেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালুর শিখরে পৌঁছান বাবর আলী। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত এই দুর্গম পর্বত দীর্ঘদিন ধরেই পর্বতারোহীদের জন্য অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামের এই অভিযানের আয়োজন করে চট্টগ্রামভিত্তিক সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স। সংগঠনটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার মোহন লামসালের বরাতে বাবরের সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত ৭ এপ্রিল দেশ থেকে যাত্রা শুরু করেন বাবর। ৯ এপ্রিল নেপালের টুমলিংটার হয়ে সেদুয়া গ্রামে পৌঁছে শুরু করেন ট্রেকিং। ধাপে ধাপে এগিয়ে ১৮ এপ্রিল বেসক্যাম্পে পৌঁছান তিনি। এরপর উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে কয়েক দফায় অভিযোজন প্রক্রিয়া সম্পন্ন করেন।

আবহাওয়া অনুকূলে এলে ৩০ এপ্রিল শুরু হয় তার চূড়ান্ত অভিযান। সেদিন ক্যাম্প-২ এবং পরদিন ক্যাম্প-৩-এ পৌঁছানোর পর রাতেই শুরু করেন শেষ আরোহন। দীর্ঘ সময় ধরে কঠিন, খাড়া ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত ভোরে শিখরে পৌঁছাতে সক্ষম হন তিনি।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিখর জয়ের পর বাবর বর্তমানে নামার পথে রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি আজ ক্যাম্প-২-এ পৌঁছাবেন এবং ৩ মে’র মধ্যে বেসক্যাম্পে ফিরে আসবেন।

বিজ্ঞাপন

২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলী চট্টগ্রামের ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেওয়ার পর ধারাবাহিকভাবে একের পর এক সাফল্য অর্জন করেন তিনি।

এর আগে ২০২২ সালে আমা দাবলাম শৃঙ্গ জয় করেন তিনি। ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ও লোৎসেও আরোহণ করেন। পাশাপাশি অন্নপূর্ণা-১ এবং কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার।

বিজ্ঞাপন

মাকালু অভিযানে বাবরের সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা আং কামি শেরপা। এই অভিযানে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা দিয়েছে। বাবরের এই সাফল্য বাংলাদেশের পর্বতারোহণকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD