বাসসের সিএনই মানিকুল আজাদের মা জোবেদা বেগম আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সংবাদ সম্পাদক (সিএনই) মানিকুল আজাদের মা জোবেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ মে) বিকেল ৫টার দিকে দিনাজপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানা যায়, জীবনের দীর্ঘ সময় গ্রামে বসবাস করলেও সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে জোবেদা বেগম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর পাঁচ ছেলে ও দুই মেয়ে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। পরিবার বলছে, সন্তানদের শিক্ষার প্রতি তাঁর অনুপ্রেরণা ও উৎসাহ ছিল অনন্য।
বিজ্ঞাপন
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (৩ মে) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাজার দেহা গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জোবেদা বেগমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালেহ শিবলী এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী পৃথক শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
জোবেদা বেগমের মৃত্যুতে স্বজনদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।








