Logo

‘আ.লীগের শেষ দশ বছরে দেশ থেকে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২ মে, ২০২৬, ২০:১০
‘আ.লীগের শেষ দশ বছরে দেশ থেকে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলের শেষ দশ বছরে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, এ সময়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে মিলিয়ে অন্তত ৫০ লাখ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় রাষ্ট্রীয় কোষাগারে কার্যত কিছুই অবশিষ্ট ছিল না। পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রায় ১৮ মাস অত্যন্ত সীমিত সম্পদ নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের আর্থিক অবস্থা ছিল ‘শূন্যের কাছাকাছি’।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদ ও আসল মওকুফসহ একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

আহমেদ আযম খান অতীতের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৭৪-৭৫ সালের দুর্ভিক্ষে দেশের ভয়াবহ পরিস্থিতি তিনি প্রত্যক্ষ করেছেন। সেই সময় বহু মানুষ খাদ্যসংকটে প্রাণ হারায় এবং চরম দারিদ্র্যের চিত্র দেখা যায়।

তিনি উল্লেখ করেন, পরবর্তী সময়ে রাষ্ট্রীয় নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে দেশের পরিস্থিতির উন্নতি ঘটে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এডিপির আওতায় বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বেকার নারীদের সেলাই মেশিন, সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল, শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী, কৃষকদের কৃষি উপকরণ, দরিদ্র নারীদের গবাদি পশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD