নতুন প্রজন্মের ওপর নির্ভর আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

দেশের ভবিষ্যৎ নির্মাণে নতুন প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের বিভিন্ন জেলা স্টেডিয়াম থেকেও ভার্চুয়ালি যুক্ত ছিল ক্ষুদে ক্রীড়াবিদরা।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করতে হবে। নতুন প্রজন্ম থেকেই একদিন বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি হবে, যারা বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিতে হবে। সরকার তরুণদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান প্রজন্মই একসময় দেশের নেতৃত্বে আসবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
খুদে অংশগ্রহণকারীদের প্রতি বিশেষভাবে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই আয়োজনের প্রকৃত ‘চিফ গেস্ট’ তারাই। তাদের অংশগ্রহণই এ আয়োজনকে অর্থবহ করে তুলেছে।
বিজ্ঞাপন
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে পৌঁছান এবং পরে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। বিকেল ৫টা ৮ মিনিটে তিনি এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন, যা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি’ নামে প্রতিভা অন্বেষণের একটি উদ্যোগ প্রথম শুরু হয়েছিল ১৯৭৬ সালে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আশির দশকে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং অনেক প্রতিভাবান শিল্পীর উত্থান ঘটে এই প্ল্যাটফর্ম থেকে। দীর্ঘ বিরতির পর একই নামের নতুন আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবার ক্রীড়াঙ্গনে প্রতিভা খোঁজার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল।








