Logo

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ২১:০৩
ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে বাসভাড়ায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনোভাবেই অতিরিক্ত টাকা আদায় করা যাবে না এবং এ নির্দেশনা দেশের সব জেলা ও ইউনিট পর্যায়ে কার্যকর করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) রাজধানীর পরীবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কফিল উদ্দিন আহম্মেদ এবং সঞ্চালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম।

সভা সূত্রে জানা গেছে, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। কোনো পরিবহন প্রতিষ্ঠান বা মালিক এ নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

বিজ্ঞাপন

এছাড়া সভায় পরিবহন খাতের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দেশের ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে একটি বিশেষ সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যানজট, দুর্ঘটনাসহ বিভিন্ন সমস্যার কারণ শনাক্ত করে সমাধানের জন্য সুপারিশ দেবে।

সভায় পরিবহন মালিকদের আর্থিক চাপের বিষয়টিও উঠে আসে। বিশেষ করে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ করা এবং টায়ার-টিউবসহ বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধিতে মালিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। এ প্রেক্ষিতে আয়কর হার কমানো এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশে শুল্ক হ্রাসের দাবি জানানো হয়। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের শীর্ষ নেতৃত্বকে।

সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে দেশের সব বৈধ পরিবহন সংগঠনকে এর আওতায় আনার পরিকল্পনাও গৃহীত হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের নেতাদের সক্রিয় ভূমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিয়মিত বিভাগীয় সভার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সভায় সংগঠনের কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, ঈদকে সামনে রেখে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD