ফ্যামিলি কার্ডের মতোই সর্বজনীন হবে ‘কৃষক কার্ড’: জাহিদ হোসেন

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের কৃষকদের জন্য চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’, যা ফ্যামিলি কার্ডের আদলে সার্বজনীনভাবে বিতরণ করা হবে। যোগ্যতার ভিত্তিতে যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, তেমনি কোনো ধরনের ধর্ম, দল বা পরিচয়ের বিভাজন ছাড়াই কৃষক কার্ডও প্রদান করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আয়োজিত এই কর্মশালায় পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের সময় কোনো ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টির ভিন্নতা না দেখে কেবল উপযুক্তদের মধ্যেই কার্ড বিতরণ করা হয়েছে। একই নীতি অনুসরণ করেই আগামী ১ জুলাই থেকে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞাপন
কৃষিখাতে নতুন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, যশোর ও ঝিনাইদহে যেমন সফলভাবে ফুল চাষ হচ্ছে, তেমনি দেশের অন্যান্য অঞ্চলের কৃষকরাও চাইলে এ খাতে এগিয়ে যেতে পারেন। ফুল চাষকে তিনি অধিক লাভজনক উল্লেখ করে কৃষকদের এ বিষয়ে উৎসাহিত করেন।
এছাড়া আশুরার বিল ও সিতাকোর্টসহ বিভিন্ন স্থানের সম্ভাবনা কাজে লাগিয়ে সেগুলোকে আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, এসব স্থানে উন্নয়ন ঘটানো গেলে দেশের বাইরের মানুষও আগ্রহ নিয়ে সেখানে ভ্রমণে আসবে।
বিজ্ঞাপন
সরকারের লক্ষ্য তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ সব শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য, এবং সে লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








