Logo

পুলিশের পোশাকে প্যান্টের রং হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মে, ২০২৬, ১৫:১৫
পুলিশের পোশাকে প্যান্টের রং হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পুলিশ বাহিনীর পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিফর্মের শার্ট বা উপরের অংশ আগের মতোই রাখা হবে, তবে প্যান্টের রং পরিবর্তন করে খাকি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ব্যবহৃত পুলিশের পোশাক নিয়ে বাহিনীর সদস্যসহ সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। এই ইউনিফর্মটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তাই পুলিশের পক্ষ থেকে পরিবর্তনের প্রস্তাব আসার পর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নতুন পোশাক নির্ধারণে ঐতিহ্য এবং ব্যবহারিক দিক বিবেচনায় রাখা হয়েছে। আগের ইউনিফর্মের শার্ট অংশটি বহাল রাখা হলেও প্যান্ট বা নিচের অংশে খাকি রং সংযোজন করা হয়েছে, যা একটি গ্রহণযোগ্য ও মানানসই রূপ দেবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এই পরিবর্তন কার্যকর করতে কিছুটা সময় লাগবে। কারণ নতুন পোশাকের জন্য কাপড় উৎপাদন, সেলাই ও সরবরাহসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হবে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা দেওয়া হয়নি, তবে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

এদিকে, এক সাংবাদিককে বিদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আচ্ছা আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD