Logo

২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ২০:১৩
২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব শিল্পকারখানায় শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের মাসিক বেতন পরিশোধ নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৫তম সভা এবং তৈরি পোশাক খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

সভায় শ্রমিক নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বেতন ও উৎসব বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে অস্থিরতা বা শ্রমিক অসন্তোষের আশঙ্কা অনেকটাই কমে যাবে। তবে যেসব কারখানায় এখনও বকেয়া বেতন রয়েছে, সেগুলোর বিষয়ে দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

শ্রমিক প্রতিনিধিরা আরও বলেন, ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের চাপ সামাল দিতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা বাড়ানো প্রয়োজন। এতে শ্রমিকদের যাত্রা আরও সহজ ও নিরাপদ হবে।

এ বিষয়ে শ্রমমন্ত্রী জানান, শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সড়কে অতিরিক্ত যানজট এড়াতে মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে কারখানায় ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে দেশের বিভিন্ন নৌরুটে জাহাজ ও লঞ্চ ভাড়ায় ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফজলে শামীম এহসান, আনোয়ার হোসাইন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মালিকপক্ষের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD