Logo

পথজুড়ে উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মে, ২০২৬, ১৩:১৬
পথজুড়ে উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান
ছবি: সংগৃহীত

চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লাজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতির মধ্যে দিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে কুমিল্লায় প্রবেশের পর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়।

বিজ্ঞাপন

সড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা মহাসড়কের ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এতে পুরো কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাল পুনঃখনন কার্যক্রম এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আগে থেকেই কুমিল্লার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, দাউদকান্দি এলাকায় পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা মহাসড়কের পাশে জড়ো হয়ে তাকে স্বাগত জানান। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনকেও নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়।

দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে শুভেচ্ছা জানান। ইলিয়টগঞ্জ এলাকায় সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহাসড়কে অভ্যর্থনা জানান। সেখানে বিপুলসংখ্যক সমর্থক তারেক রহমানকে একনজর দেখতে ভিড় করেন এবং তাকে বহনকারী বাসকে ঘিরে ফেলেন।

একপর্যায়ে বাস থামিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে চান্দিনা, নিমসার ও আলেখারচর এলাকাতেও হাজারো নেতাকর্মী মহাসড়কের ওপর দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেই কর্মসূচিকে কেন্দ্র করেও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে শুধু নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও মহাসড়কের পাশে ভিড় করেছেন। তার দাবি, কুমিল্লার বিভিন্ন পয়েন্টে লাখের বেশি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দিনভর মহাসড়কের বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি ও দলীয় স্লোগানে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন বড় রাজনৈতিক জমায়েতে কুমিল্লাজুড়ে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD