Logo

ফায়ার সার্ভিসে নতুন ২০ স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১২:৪৩
ফায়ার সার্ভিসে নতুন ২০ স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি সেবার পরিধি বাড়াতে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের প্রক্রিয়াও চলছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডুবুরিদের সক্ষমতা বৃদ্ধির জন্য ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে বর্তমানে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। এ কারণে জনগুরুত্ব বিবেচনায় ২০টি স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহ করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, গতি, সেবা ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত এই বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের কাছে ফায়ার সার্ভিস এখন আস্থার প্রতীক। অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে তাদের পেশাদারিত্ব, সাহস ও সেবামূলক ভূমিকা ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌপথের দুর্ঘটনা মোকাবিলায় সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি ফায়ার স্টেশন সংখ্যা বৃদ্ধি এবং সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার লক্ষ্যে অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেবা সহজীকরণে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম ইতোমধ্যে চালু হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার মিরপুর ও সদরঘাটে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে বলেও তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য ‘ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা’ ও অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়টি সরকার পর্যালোচনা করছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা মোকাবিলায় দায়িত্ব পালন করতে গিয়ে এ বাহিনীর সদস্যরা বারবার জীবন উৎসর্গ করেছেন। টঙ্গীর সাম্প্রতিক কেমিক্যাল অগ্নিকাণ্ডেও তিনজন সদস্য প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

২০২৫ সালে ফায়ার সার্ভিসের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। একই বছরে ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮ জন নিহত ও ৯ হাজার ২৬৬ জন আহত উদ্ধার করা হয়।

এছাড়া অ্যাম্বুলেন্সে ১০ হাজার ৪৮০ জন রোগী পরিবহন, ১৪ হাজার ৯৮৭টি সচেতনতামূলক কর্মসূচি, ২ হাজার ৭৮টি ভবন সার্ভে, ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন এবং ২ লাখ ৫৬ হাজার ১৬৫ জনকে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যদের পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD