পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

সরকার পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। খাল খননের সঙ্গে কৃষি, মানুষের জীবনযাত্রা এবং দুর্যোগ ব্যবস্থাপনা গভীরভাবে জড়িত বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারে সমুদ্র উপকূল ঘেঁষে একটি সড়ক নির্মাণের সময় ৩০০টিরও বেশি গাছ কাটার পরিকল্পনার কথা জানা গেলে তাৎক্ষণিকভাবে নকশা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়, যাতে পরিবেশের ক্ষতি না হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলনের ফলে ভবিষ্যতে বড় সংকট তৈরি হতে পারে। তাই বর্ষার পানি সংরক্ষণে খাল খননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, আগামী দুই দশকে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য উৎপাদন বাড়ানোর প্রয়োজনও আরও তীব্র হবে।
পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশে পানি নিয়ন্ত্রণের কারণে শুষ্ক মৌসুমে নদীতে প্রবাহ কমে যাচ্ছে। এতে নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং আশপাশের অঞ্চল ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে। অতীতে পদ্মার দুই তীর একে অপরকে দেখা যেত না, বর্তমানে পানির ঘাটতির কারণে সেই চিত্র বদলে গেছে।
তিনি বলেন, ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারযোগ্য করে তোলা হবে। এতে কৃষি, পরিবেশ ও উপকূলীয় এলাকার জীববৈচিত্র্য রক্ষা পাবে।
বিজ্ঞাপন
তিস্তা নদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিবেশী দেশের বাঁধের কারণে তিস্তায় পানি প্রবাহ কমে গেছে, যার ফলে উত্তরের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যারাজ নির্মাণ হলে এসব অঞ্চলের পানি সংকট অনেকাংশে কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করাই এখন মূল লক্ষ্য। ভবিষ্যতে তিস্তা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের দিকেও সরকার এগোবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী টঙ্গীর সাতাইশ এলাকায় নবনির্মিত জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি তালগাছ রোপণ এবং একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।








