ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপি সদস্য-কর্মচারী

ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যা এবং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে ২০২৬) ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এই কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ভাতাভোগী সদস্য-সদস্যা এবং চতুর্থ শ্রেণির কর্মচারীসহ মোট ২৮ হাজার ৩৬৫ জনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা। ঈদকে সামনে রেখে সদস্য ও কর্মচারীদের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতেই এই আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “সংস্কার পরিকল্পনা ২০৩৫ বাস্তবায়নে সবাইকে সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনোভাবেই নির্ধারিত লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। এখন পেছনে তাকানোর সময় নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন যে, আমাদের সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এবং সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এই অগ্রযাত্রা বহুগুণে ত্বরান্বিত হবে। এ লক্ষ্য অর্জনে বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাপরিচালকবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ।
এ ধরনের কল্যাণমুখী উদ্যোগ বাহিনীর সদস্য ও কর্মচারীদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের উজ্জ্বল প্রতিফলন। সংশ্লিষ্টদের অভিমত, পবিত্র ঈদ উপলক্ষে আয়োজিত এই উপহার বিতরণ কর্মসূচি সদস্যদের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, প্রেরণা ও কর্মউদ্দীপনা আরও সুদৃঢ় করবে, যা বাহিনীর সামগ্রিক মনোবল, ঐক্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।








