ঈদযাত্রা: ৭ দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগে ও পরে মোট সাত দিন দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্যাংকলরি চলাচল বন্ধ থাকবে। আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
তবে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনকারী যানবাহন এ বিধিনিষেধের বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে পশুবাহী যানবাহন, খাদ্যপণ্য, গৃহস্থালী প্রয়োজনীয় সামগ্রী, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যান।
বিআরটিএ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে এবং যাত্রীদের ভোগান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরিবহন মালিক, চালক ও পরিবহন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রয়োজনে যাত্রীরা ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭, ০১৫৫০৭২২০৬৫ এবং ০১৫৫০৭২২০৬৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতি বছর ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়ার কারণে মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, পণ্যবাহী ভারী যান চলাচল সীমিত করা হলে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হতে পারে।








