সচিবের সই ছাড়াই ফাইলে অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ: শাহে আলম

অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি ফাইল সচিবের স্বাক্ষর ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিয়ম বহির্ভূতভাবে নিজেই ওই ফাইলে অনুমোদন দেন।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি ফাইল তার নজরে এসেছে যেখানে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্বে থাকা একজন উপদেষ্টা সচিবের সই ছাড়াই ফাইল নিজের কাছে নিয়ে অনুমোদন দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এটি প্রশাসনিক কার্যবিধি ও রুলস অব বিজনেসের পরিপন্থি।
তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের অনুমোদন ছাড়া কোনো মন্ত্রী বা উপদেষ্টা ফাইল অনুমোদন দিতে পারেন না। এমন কোনো বিধান প্রশাসনিক আইন বা কার্যপ্রণালীতেও নেই।
বিজ্ঞাপন
মীর শাহে আলম আরও জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গত ১৫ থেকে ১৭ বছরে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে পিরোজপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় ধরনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তার দাবি, তদন্তে পিরোজপুরে ভয়াবহ আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। কোনো কাজ সম্পন্ন না করেই ভুয়া বিল তৈরি করে ট্রেজারি থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও টেন্ডার ও কার্যাদেশ দেওয়ার পরপরই বিল পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রীর অভিযোগ, এসব অনিয়মের সঙ্গে তৎকালীন প্রভাবশালী কিছু কর্মকর্তা ও সচিব জড়িত ছিলেন। অভিযুক্ত অনেক ঠিকাদার বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, পিরোজপুরের বেশ কিছু প্রকল্প দ্রুততার সঙ্গে অনুমোদন দেওয়া হয়েছিল। এমনকি রাতারাতি ২৪ ঘণ্টার মধ্যেও কিছু প্রকল্প পাস করা হয় বলে অভিযোগ রয়েছে।
দুর্নীতির উদাহরণ হিসেবে একটি সেতুর প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হলেও সেখানে সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ফলে স্থানীয় মানুষ মই ব্যবহার করে সেতুতে উঠানামা করতে বাধ্য হচ্ছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের পর একটি বিশেষ প্রতিনিধি দল পিরোজপুর সফর করবে। যেসব প্রকল্প দুদকের তদন্তের বাইরে রয়েছে, সেগুলোর রাস্তা ও সেতুর সংস্কার কাজ সীমিত পরিসরে দ্রুত শুরু করার পরিকল্পনাও রয়েছে সরকারের।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুষ্ক মৌসুম শুরু হলে নির্বাচন প্রক্রিয়াও শুরু হতে পারে।
বিজ্ঞাপন
এ ছাড়া ইজিবাইক ও ব্যাটারিচালিত যানবাহনের শৃঙ্খলা আনতে নতুন আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। তার মতে, বুয়েটের নকশা অনুমোদনের পর সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এসব যানবাহনের নিবন্ধন দিতে পারবে।








