আজ সরকারি অফিসে শেষ কর্মদিবস, শুরু হচ্ছে টানা ৭ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ রবিবার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের জন্য শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি, যা চলবে ৩১ মে পর্যন্ত।
বিজ্ঞাপন
ঈদ উপলক্ষে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল সরকার। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
তবে ঈদযাত্রা স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে পরে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে ওই সিদ্ধান্তের অংশ হিসেবে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বেসরকারি অফিসও ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে।
তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে বলে স্পষ্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ সেবা, ইন্টারনেট এবং এসব খাতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও যানবাহন।
বিজ্ঞাপন
এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, কর্মচারী ও ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকার জানিয়েছে, জনদুর্ভোগ কমানো এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দীর্ঘ ছুটির এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।








