ঈদের পশুর হাটে ‘ক্যাশলেস’ লেনদেনের আহ্বান র্যাব ডিজির

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকি কমাতে ক্রেতা-বিক্রেতাদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করার কথা জানিয়েছে র্যাব। সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, পশু বিক্রির টাকা ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কার্ড বা ডিজিটাল মাধ্যমে মূল্য পরিশোধে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
রবিবার (২৪ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
র্যাব ডিজি জানান, ঈদুল আজহার সময় রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সাধারণ মানুষের চলাচল তুলনামূলক কমে যায়। এই সুযোগে অপরাধীরা যাতে পশু ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটাতে না পারে, সে জন্য র্যাব আগে থেকেই বিশেষ প্রস্তুতি নিয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা জোরদারে বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। একইসঙ্গে বাড়ানো হয়েছে টহল কার্যক্রমও। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে হাট এলাকায় কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করছে র্যাব।
মো. আহসান হাবীব পলাশ বলেন, নগদ টাকার ব্যবহার কমাতে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে পশুর হাটে ক্যাশলেস পেমেন্ট বা কার্ডভিত্তিক লেনদেনকে উৎসাহিত করা হচ্ছে। এতে বড় অঙ্কের অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ছিনতাইয়ের আশঙ্কাও হ্রাস পাবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী ট্রাক বা যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হচ্ছে কি না, সে বিষয়েও গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। কেউ যাতে সিন্ডিকেট বা প্রভাব খাটিয়ে পশুবাহী যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, পশুর হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় জোরদার টহল পরিচালনা করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
ঈদকে কেন্দ্র করে জাল টাকার বিস্তার ঠেকাতেও বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাব ডিজি। তিনি বলেন, জাল নোট শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা তৈরি ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ বা কোরবানিকে কেন্দ্র করে গুজব, বিভ্রান্তিকর তথ্য বা উসকানিমূলক পোস্ট ছড়ানোর চেষ্টা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
র্যাব ডিজি আরও জানান, ঈদকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এর আগে তিনি গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন। সেখানে যাত্রী ও বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।








