শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্দি বিনিময় ও প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নিন।
বিজ্ঞাপন
রবিবার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিশেষ করে তার ট্রাভেল পাস সংক্রান্ত আলোচনা নিয়েও কথা উঠেছে। এ বিষয়ে সরকারের কোনো প্রস্তুতি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সরকার এ বিষয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছে।
বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকার বহু আগেই আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এখনো প্রত্যাশা করছে যে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো তাকে দেশে এনে বিচারিক প্রক্রিয়ার আওতায় নেওয়া।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকার সবসময় আইনানুগ ও কূটনৈতিক পদ্ধতিতেই বিষয়টি এগিয়ে নিতে চায়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি সম্ভব বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।








