Logo

সোমবার থেকে মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ২১:৪৭
সোমবার থেকে মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা
মেট্রোরেল | ফাইল ছবি

রাজধানীর মেট্রোরেলে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য বিশেষ ভাড়া ছাড় চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সোমবার (২৫ মে) থেকে একক যাত্রা টিকিটের ক্ষেত্রে ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যকর হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে মেট্রোরেলের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন। এর ফলে নিয়মিত যাতায়াতে প্রবীণদের ব্যয় কিছুটা কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একই হারে ভাড়া ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন। একক যাত্রা টিকিট ব্যবহারের সময় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে তারা এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

ডিএমটিসিএল জানিয়েছে, সামাজিক অন্তর্ভুক্তি ও গণপরিবহনে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

বিজ্ঞাপন

নতুন এ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD