সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য রাখা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কোথাও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় গড়ে উঠতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ ও র্যাবের ওপর হামলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশে আইনের শাসনের ঘাটতির কারণে কিছু এলাকায় দুর্বৃত্তচক্র শক্তিশালী হয়ে উঠেছিল। জঙ্গল সলিমপুরও একসময় ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্রে’ পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তবে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।
বিজ্ঞাপন
তিনি জানান, সেখানে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং একাধিক দাগী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে ওই এলাকায় পুলিশ একাডেমি, র্যাবের প্রশিক্ষণ কেন্দ্র, ক্রীড়া কমপ্লেক্স এবং জেলা কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের পুরোনো আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। তবে তারা যেভাবে দুঃসাহসিক আচরণ করেছে, তা কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের কোনো অবস্থান দেশে থাকবে না।
সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে মাঝে মধ্যে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটলেও সেগুলো ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান করা হচ্ছে। এ ধরনের ঘটনাকে জাতীয় নিরাপত্তা সংকটে রূপ দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবে।
সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত পৃথক ব্রিফিংয়ে মো. আহসান হাবীব পলাশ বলেন, জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর হামলার ঘটনায় কিছুটা দুর্বলতা ছিল, তবে সন্ত্রাসীদের শক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে পরাস্ত করার মতো নয়।
তিনি ব্যাখ্যা করেন, হামলাটি মূলত নতুন একটি বিশেষ ক্যাম্প স্থাপনের প্রস্তুতির সময় সংঘটিত হয়। র্যাব ও পুলিশের বিদ্যমান ক্যাম্পে হামলা হয়নি বলেও তিনি জানান।
র্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনী অতর্কিত হামলার চেষ্টা করলেও তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা রাখে না। ঘটনাটিকে নিজেদের কিছু অসাবধানতার ফল বলেও স্বীকার করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসীদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা যাতে পুনরায় সেখানে অবস্থান নিতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
টোল প্লাজায় দীর্ঘ যানজটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালু করা প্রয়োজন। ডিজিটাল পদ্ধতিতে গাড়ি থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়ার ব্যবস্থা চালু হলে যানজট অনেকাংশে কমে আসবে বলে তিনি মনে করেন। সরকার এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।








