ঈদযাত্রা : মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজাগুলোতে সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২১ মে থেকেই মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছে বাহিনীটি। ঈদুল আজহার ছুটি শেষে আরও তিন দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে সড়কপথে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। ফলে বিভিন্ন মহাসড়ক ও টোল প্লাজায় দীর্ঘ যানজটের আশঙ্কা থাকে। এমন পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকাগুলোতে বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন।
বিজ্ঞাপন
যেসব এলাকায় বিজিবি দায়িত্ব পালন করছে তার মধ্যে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার, কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুর টোল প্লাজা, কাঁচপুর সেতু, মদনপুর, মুগরাপাড়া, মুক্তারপুর ব্রিজ, মেঘনা সেতুর টোল প্লাজা, নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা এবং ভোগরা বাইপাস এলাকা।
বিজিবি জানিয়েছে, এসব স্থানে সদস্যরা যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে টোল প্লাজাগুলোতে অতিরিক্ত চাপ সামাল দেওয়া, যানবাহনের ধীরগতি কমানো এবং যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতি বছর ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো থেকে লাখো মানুষ গ্রামের বাড়িতে যান। এ সময় দেশের প্রধান সড়ক ও সেতুগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়। ফলে দীর্ঘ যানজট ও দুর্ভোগ এড়াতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিজিবিকে মাঠে নামানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বাড়তি নজরদারি ও ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে।








