আদ-দ্বীন হাসপাতালে মৃত ৬ নবজাতক, বয়স ছিল ১–২ দিন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য জানা গেছে। মারা যাওয়া শিশুরা সবাই ছিল মাত্র এক থেকে দুই দিন বয়সী। ঘটনাটি ঘিরে হাসপাতালজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি ঘটে পোস্ট অপারেটিভ রুমে, যেখানে ছয় নবজাতক ও ১১ জন মা ছিলেন। পরবর্তীতে শিশুদের অবস্থার অবনতি হলে তাদের দ্রুত এনআইসিইউতে নেওয়া হয়। সেখানে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজনকে সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে রাখা হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।
আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার (২৮ মে) ভোরে নার্সরা শিশুদের অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও ছয় নবজাতককে আর বাঁচানো যায়নি।
বিজ্ঞাপন
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে পোস্ট অপারেটিভ রুমে অবস্থানকালে এসি বন্ধ রাখা নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। এক পর্যায়ে দুই শিশুর অবস্থা খারাপ হয়ে পড়ে এবং পরে বাকিদেরও শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটনে সিআইডির ক্রাইম টিম কাজ করছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নবজাতকদের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।








