সরকারের ১০০ দিন, বৈশ্বিক সংকটের মধ্যেও জনমুখী উদ্যোগের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথম ১০০ দিন পূর্ণ করেছে। এই সময়কে সরকার প্রশাসনিক পুনর্গঠন, নীতিনির্ধারণ এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছে।
বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম তুলে ধরে একটি ই-বুক প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সময়ের সঙ্গে সঙ্গে ই-বুকটি হালনাগাদ করা হবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট, বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতার মধ্যেও সরকার বেশ কিছু জনমুখী ও সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
সরকারের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ই-হেলথ কার্ড, ডিজিটাল ভূমিসেবা, ই-বেইলবন্ড, নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি এবং শিক্ষা ও তরুণদের জন্য নতুন পরিকল্পনা। ধর্মীয় নেতাদের আর্থিক সম্মানী এবং খাল পুনঃখননের মতো উদ্যোগও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
ই-বুকে আরও বলা হয়, প্রশাসনিক ব্যয়ে সংযম, রাষ্ট্রীয় প্রটোকল সীমিত রাখা এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের মতো সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক বার্তাকে ভিন্ন মাত্রা দিয়েছে।
বিজ্ঞাপন
তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংস্কার এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরকারের দাবি, প্রথম ১০০ দিনেই একটি প্রযুক্তিনির্ভর, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার ভিত্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে।








