জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় ঈদে দায়িত্বে থাকবেন ১৫ হাজার পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহসহ মহানগরীর প্রায় এক হাজার ঈদ জামাতকে কেন্দ্র করে ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ঈদের দিন পুরো ঢাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে শুধু ঈদ জামাতগুলোর নিরাপত্তায় থাকবেন প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য।
ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করবেন। তাই এখানে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ঈদগাহে প্রবেশের জন্য পাঁচটি গেট নির্ধারণ করা হয়েছে এবং আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি মনিটরিং, ডগ স্কোয়াড, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিটসহ বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুরো এলাকা ড্রোন ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে।
ঢাকার অন্যান্য ঈদগাহ ও ঈদ জামাতেও সংশ্লিষ্ট ক্রাইম বিভাগ ও আয়োজকদের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ছুটির সময় ফাঁকা থাকা আবাসিক ও বাণিজ্যিক এলাকায় মোবাইল পেট্রোল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
কমিশনার বলেন, গুজব ও অপপ্রচার রোধে সাইবার ইউনিট সার্বক্ষণিক নজরদারি করছে এবং যেকোনো পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে।
তিনি মুসল্লিদের পর্যাপ্ত সময় নিয়ে ঈদগাহে আসা, নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করা এবং অপ্রয়োজনীয় সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানান।








