Logo

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে একযোগে কাজের আহ্বান রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১৫:০০
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে একযোগে কাজের আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। সকালে বঙ্গভবন থেকে ধারণ করা ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

বার্তায় তিনি বলেন, বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়—ন্যায়পরায়ণতা এবং বৈষম্য নয়—সাম্যের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সামাজিক সংহতির এক মহান শিক্ষা বহন করে। একই সঙ্গে মানুষের ভেতরের অহংকার, বিদ্বেষ ও পশুত্বকে কোরবানি করারও আহ্বান জানায় এই উৎসব।

তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষদের প্রতি দরিদ্র, অসহায়, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নগর পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিচারপতি, জ্যেষ্ঠ রাজনীতিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের আইজিপিসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। নামাজ শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD