Logo

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৬, ১৮:০৪
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা ও টেন্ডার কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, গোলাম কিবরিয়া অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের ভিত্তিতে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং বিভাগীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বলে বিবেচিত হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে গোলাম কিবরিয়াকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, সংশ্লিষ্ট আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD