Logo

বৃদ্ধা মায়ের মৃত্যু: যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১৩:২৮
বৃদ্ধা মায়ের মৃত্যু: যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় আলোচিত তার ছেলে, সরকারি কর্মকর্তা এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে এ কে এম আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষ-এর সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। প্রথমে নিশ্চিত হতে হবে ঘটনাটি তার মাকে কেন্দ্র করেই ঘটেছে কি না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সরকারের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, দেশে বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করার জন্য আইন রয়েছে। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার প্রসঙ্গ উল্লেখ করলে প্রতিমন্ত্রী বলেন, আইনি বিষয় ছাড়াও নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নেওয়া হবে। বিষয়টির সব দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজধানীর মিরপুর-১১ এলাকায় নিজ বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ৩১ মে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই বাসা থেকে তার পচনধরা মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একই বাসার পৃথক কক্ষে বসবাস করলেও মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি তার মেয়ে। প্রতিবেশীদের দাবি, দীর্ঘদিন ধরে বৃদ্ধা প্রায় একাকী জীবনযাপন করছিলেন।

নুরজাহান বেগমের দুই ছেলে আলাদা বাসায় থাকতেন। তাদের একজন যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমান এবং অন্যজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ কে এম আশিকুর রহমান। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD