Logo

সংসদে প্রত্যাশা পূরণ না হলে জনগণ হতাশ হবে: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৭:৪৯
সংসদে প্রত্যাশা পূরণ না হলে জনগণ হতাশ হবে: স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের কার্যক্রমকে জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অনেক ত্যাগ- তিতিক্ষা ও রক্তের ওপর দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান সংসদকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সে প্রত্যাশা পূরণ না হলে জনগণ হতাশ হবে। জনগণের সঙ্গে সংসদের সম্পর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিপিজেএর সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়া সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ), নির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান পঞ্চায়েতসহ অন্যান্য সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্পিকার বলেন, সংসদ ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা মূলত জনগণ এবং সংসদের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন। তাই সংসদ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, বর্তমান সংসদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। দেশের মানুষ এই সংসদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। অতীতের নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে প্রশাসনিক কাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির সৃষ্টি হয়েছে। এসব সমস্যা কাটিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব এখন সংসদের ওপর বর্তেছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে টেকসই করতে সংসদের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি জনগণের সঙ্গে এর সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।

বিজ্ঞাপন

গণমাধ্যম প্রসঙ্গে স্পিকার বলেন, দেশের সাংবাদিকতা বিভিন্ন সময় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। অতীতের কিছু রাজনৈতিক ঘটনার প্রভাব এখনও গণমাধ্যমের ওপর রয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমানে সাংবাদিকদের জন্য কাজ করার পরিবেশ আগের তুলনায় অনেক বেশি উন্মুক্ত বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সংবাদমাধ্যমের দায়িত্ব হলো নিরপেক্ষতা বজায় রেখে সত্যকে তুলে ধরা। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং ভুল-ত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরা।

স্বাধীনতার চেতনা প্রসঙ্গে স্পিকার বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই স্বপ্নের অনেক দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতের শাসনামলে গুম, নির্যাতন, গোপন বন্দিশালা এবং অর্থনৈতিক অনিয়মের মতো ঘটনা দেশের জন্য উদ্বেগজনক ছিল বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের জনগণ যখন ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন বড় বড় রাজনৈতিক পরিবর্তনও সম্ভব হয়। তাই জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংসদকে কার্যকরভাবে পরিচালনা করতে হবে।

বিরোধী ও সরকারি দলের ভূমিকা নিয়েও কথা বলেন স্পিকার। তার মতে, একটি কার্যকর সংসদ পরিচালনার জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে গণতান্ত্রিক সহাবস্থান জরুরি। বিরোধী দলের দায়িত্ব সরকারের কর্মকাণ্ডের সমালোচনা ও জবাবদিহি নিশ্চিত করা, আর সরকারি দলের দায়িত্ব সংসদের কার্যক্রমকে গতিশীল রাখা। উভয় পক্ষকে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ সবার ঊর্ধ্বে। সংসদকে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে হবে।

মতবিনিময় সভায় বিপিজেএ নেতারা সংসদ রিপোর্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন বাস্তব সমস্যার কথা স্পিকারের সামনে তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD