বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে বিটিভি, ব্যয় ৪৭ কোটি টাকা

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আগামী ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি ২৫ লাখ টাকায় অধিগ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
প্রতিমন্ত্রী জানান, এবারের বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ টাকা।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিটিভি আগের বিশ্বকাপে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সম্প্রচার করেছিল। সে সময়ের চুক্তি নিয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল বলেও তিনি মন্তব্য করেন।
তার ভাষ্য অনুযায়ী, এবার প্রথমে একটি পক্ষ প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল, তবে পরবর্তীতে সরাসরি ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে খরচ কমিয়ে আনা সম্ভব হয়। আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সংশ্লিষ্টতাও ছিল বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, চূড়ান্তভাবে সম্প্রচার স্বত্ব পাওয়া হয়েছে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবং নীতিমালা অনুসরণ করেই চুক্তি সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বিটিভিকে এই অর্থ সরাসরি পরিশোধ করতে হবে না। টেলিকম কোম্পানি, স্যাটেলাইট চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার স্বত্ব বিক্রি করে ব্যয় প্রায় সম্পূর্ণভাবে তুলে নেওয়া হবে। ফলে বিটিভি প্রায় নামমাত্র খরচে বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে।
এ সময় তিনি জানান, টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস ও সময় টিভি, টেলিকম কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবি এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন সম্প্রচার স্বত্ব কিনেছে।
বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ একটি বড় আবেগের জায়গা। দেশের মানুষ বরাবরই বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যাপক আগ্রহ দেখায়। তাই এবারও বিটিভিতে খেলা দেখানো নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা দূর হয়েছে।








