Logo

জনগণের প্রত্যাশা অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট করা হয়েছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১২:০৫
জনগণের প্রত্যাশা অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট করা হয়েছে
ছবি: সংগৃহীত

দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী জানান, দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখেই বাজেটের বিভিন্ন দিক নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হচ্ছে। ফলে জনগণের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বেশি। সেই প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা ও সক্ষমতার আলোকে বাজেট প্রণয়ন করতে হয়েছে। একই সঙ্গে একটি দুর্বল অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যও এতে প্রতিফলিত হয়েছে।

বিজ্ঞাপন

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবারের বাজেটের অন্যতম লক্ষ্য হলো দেশের সব নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় সম্পৃক্ত করা। উন্নয়নের সুফল যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায় এবং সবাই জাতীয় অগ্রযাত্রায় অংশ নিতে পারে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও জনগণকে সঙ্গে নিয়ে বাজেট বাস্তবায়নের চেষ্টা চালানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD