Logo

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুন, ২০২৬, ১১:০২
বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপনের একদিন পর আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া কৌশল তুলে ধরবেন অর্থমন্ত্রী। পাশাপাশি বাজেটকে ঘিরে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন তিনি।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। মূল্যস্ফীতির চাপ কমানো, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলাকে বাজেটের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রণীত এ বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, অর্থনীতিকে আরও উৎপাদনমুখী, কর্মসংস্থানভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক ধারায় এগিয়ে নিতে বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD