Logo

জাপানিজ ভাষা প্রশিক্ষণ পাচ্ছেন আনসার বাহিনীর নারী সদস্যরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জুন, ২০২৬, ১৫:৪০
জাপানিজ ভাষা প্রশিক্ষণ পাচ্ছেন আনসার বাহিনীর নারী সদস্যরা
ছবি: সংগৃহীত

নারীর ক্ষমতায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ২০২৬-২০২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ (এন-৫) কার্যক্রম চালু করা হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আগামী ৫ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ৯০ দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হবে। দেশের মোট ১৩টি কেন্দ্রে একযোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ, ঢাকা; এবং ১১টি জেলা কমান্ড্যান্ট কার্যালয়, যথা—ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।

বিজ্ঞাপন

প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ ভি এম আই এস অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গঠনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে এটি বিবেচিত হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD