Logo

ভারতীয় ভিসা আবেদনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন, ২০২৬, ১৪:১৯
ভারতীয় ভিসা আবেদনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ ও নথি জমা দেওয়ার প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই নির্দেশনায় অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ, ওয়েবফাইল আপলোড এবং মেডিকেল ভিসা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, ভিসা আবেদনকারীদের জন্য পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই উন্মুক্ত করা হবে। ফলে আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ সম্পন্ন করতে পারবেন এবং প্রয়োজনীয় ওয়েবফাইল আপলোডের সুযোগ পাবেন। এই ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিকেল ৫টা থেকে সংশ্লিষ্ট আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুবিধা চালু হবে।

বিজ্ঞাপন

আইভ্যাক আরও জানিয়েছে, ওয়েবফাইল আপলোডের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপলোড করা নথি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ সংস্করণ হতে হবে। একই সঙ্গে ওই আবেদনপত্র ৩০ দিনের বেশি পুরোনো হলে তা গ্রহণ করা হবে না।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, সম্পাদিত, পরিবর্তিত, বিকৃত বা মূল নথির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো ফাইল গ্রহণযোগ্য হবে না। এ ধরনের নথি জমা দিলে আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে কিংবা আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকতে পারে।

অন্যদিকে, মেডিকেল ভিসা আবেদনকারীদের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আইভ্যাক বলেছে, যেসব রোগী মেডিকেল ভিসার মাধ্যমে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাবেন, তাদের অবশ্যই ভিসায় উল্লেখিত নির্ধারিত হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

যদি কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে আগে থেকেই ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়া ভিসা শর্ত লঙ্ঘনের শামিল বলে বিবেচিত হবে।

আইভ্যাক সতর্ক করে জানিয়েছে, এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভবিষ্যতে ভিসা আবেদন ও ভারত ভ্রমণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি গুরুতর ক্ষেত্রে ভারতে প্রবেশ বা ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন, আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল এবং নিরাপদ করতে এই নতুন নির্দেশনাগুলো কার্যকর করা হয়েছে। তাই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুকদের নির্ধারিত সময়সূচি ও নিয়মাবলি মেনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD