দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

দেশে বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধিত বৈধ মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখে পৌঁছেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করলে নিবন্ধনবিহীন মোটরসাইকেলও বৈধ করার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম কার্যদিবসে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী দেশের বৈধ মোটরসাইকেলের সংখ্যা এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলগুলোকে বৈধ করার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না—এ বিষয়ে জানতে চান।
বিজ্ঞাপন
জবাবে সড়কমন্ত্রী জানান, বিআরটিএর তথ্যভান্ডার অনুযায়ী বর্তমানে দেশে নিবন্ধিত বৈধ মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। এই সংখ্যা দেশের সড়কে চলাচলকারী মোটরসাইকেলের ব্যাপক বিস্তারের চিত্র তুলে ধরে।
মন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কে রেজিস্ট্রেশনবিহীন কিংবা অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযানের মাধ্যমে অনিয়ম রোধে কাজ করছে।
বিজ্ঞাপন
তবে যেসব মোটরসাইকেল এখনও নিবন্ধনের আওতায় আসেনি, তাদের জন্য সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শেখ রবিউল আলম বলেন, মালিকরা যদি নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেন, তাহলে বিআরটিএ সেগুলো যাচাই-বাছাই করে রেজিস্ট্রেশন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, বৈধ নিবন্ধন শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, এটি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মোটরসাইকেল মালিকদের যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।








