দেশের কারাগারে ধারণক্ষমতার চেয়ে ১.৭ গুণ বেশি বন্দি আছে

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দি অবস্থান করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে ৭৫টি কারাগারে অনুমোদিত আসনের তুলনায় প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি রয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, চলতি বছরের ৭ জুন পর্যন্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭টি এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯টি আসন রয়েছে।
বিজ্ঞাপন
কিন্তু বর্তমানে এসব কারাগারে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছেন। তাদের মধ্যে ৭৪ হাজার ৯৬৩ জন পুরুষ এবং ২ হাজার ৭৭ জন নারী বন্দি। ফলে কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি অবস্থান করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন, অতিরিক্ত বন্দির কারণে দেশের কয়েকটি কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে। তবে এ সমস্যা নিরসনে সরকার ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ), সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করেছে।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ এবং পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সংসদে দেওয়া তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন জেলা কারাগার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব প্রকল্প সম্পন্ন হলে কারাগারগুলোতে আরও ২ হাজার ৯৫৫ জন বন্দি রাখার সুযোগ সৃষ্টি হবে।
এর ফলে দেশের কারাগারগুলোর মোট ধারণক্ষমতা বেড়ে ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে বলে জানান তিনি।








