হামের টিকা কার্যক্রমে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিনই এ রোগ ও এর উপসর্গে একাধিক শিশুর মৃত্যু ঘটছে। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। এ অবস্থায় হামের টিকা কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর প্রসঙ্গ তুলে সরকারের পদক্ষেপ ও দায় নিয়ে প্রশ্ন তোলেন।
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাবের কারণ, বিস্তার এবং টিকাদান কার্যক্রমের ওপর নীতিগত ও ব্যবস্থাপনাগত প্রভাব নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের কারণে টিকাদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের মাধ্যমে যাচাই করা হবে। এ প্রক্রিয়ায় কারও অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড এবং সরকারি বিধিবিধান মেনেই পরিচালিত হচ্ছে। সরকার হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা ও মজুত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হচ্ছে।
তিনি বলেন, রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে এবং দ্রুত প্রাদুর্ভাব শনাক্ত ও প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানো হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী আরও জানান, হামের টিকাদানের আওতা বাড়াতে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার মধ্যে আনতে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।








