Logo

দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ২২:০০
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি : জনবাণী গ্রাফিক্স

দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল অবকাঠামোর ব্যাপক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী দেশের যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় তিনি জানান, রেলওয়েকে আধুনিকায়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ রেলপথগুলোতে ধাপে ধাপে ইলেকট্রিক ট্র্যাকশন প্রযুক্তি চালু করা হবে, যার মাধ্যমে বৈদ্যুতিক ট্রেন পরিচালনা সম্ভব হবে।

বিজ্ঞাপন

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার আওতায় মহাসড়ক নেটওয়ার্ককে আরও কার্যকর ও আধুনিক করতে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিড নির্মাণ করা হবে। পাশাপাশি সড়ক, রেল ও অন্যান্য পরিবহন মাধ্যমকে যুক্ত করে মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সড়কে দুর্ঘটনা কমানো এবং অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। একই সঙ্গে এক্সেল লোড নিয়ন্ত্রণের মাধ্যমে মহাসড়কের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজধানী ঢাকার দীর্ঘস্থায়ী যানজট সমস্যার সমাধান প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, নগরীর চারপাশে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে রাজধানীর ভেতরের যানবাহনের চাপ কমানো এবং দ্রুত যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত এলাকায় যান চলাচল নির্বিঘ্ন করতে নতুন ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

দেশের বৃহৎ অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানান, যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও শক্তিশালী করতে পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।

বিজ্ঞাপন

রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০৪৫ সাল পর্যন্ত তিন ধাপে ২৪টি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রেলের সক্ষমতা, গতি ও সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, দেশের বিদ্যমান রেলপথগুলো পর্যায়ক্রমে ডুয়েলগেজ ব্যবস্থায় রূপান্তর করা হবে। এর ফলে বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত এবং ব্যয় সাশ্রয়ী হবে।

রেলসেবার উন্নয়নের অংশ হিসেবে আগামী বছরগুলোতে আন্তনগর ও কমিউটার ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তার মতে, ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলে সড়কপথের ওপর চাপ কমবে এবং সাধারণ যাত্রীরা আরও উন্নত ও নির্ভরযোগ্য পরিবহন সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

সরকারের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে উন্নীত করা। বিশেষ করে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগকে দেশের রেল খাতে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD