Logo

পুলিশের রদবদল : ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ২২:৩১
পুলিশের রদবদল : ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে বিশেষ শাখা (এসবি)-তে পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটন পুলিশে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইল সদর সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফকে পুলিশ সদর দপ্তরে এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমাকে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমানকে রাঙামাটির ১৮ এপিবিএনে বদলি করা হয়েছে। সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস.এম. মাহবুবুল আলমকে সিআইডিতে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককে সিআইডিতে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২ জুলাই থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

পুলিশ প্রশাসনের এ রদবদলকে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন ইউনিটের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD