গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় ও কার্যকর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে একটি আধুনিক ও জবাবদিহিমূলক গণমাধ্যম কাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, দেশের গণমাধ্যম খাতের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অংশীজনকে প্রথমবারের মতো একই প্ল্যাটফর্মে নিয়ে আসা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে।
তিনি আরও বলেন, সরকার এই প্রক্রিয়ায় সমন্বয়কের ভূমিকা পালন করবে। সংশ্লিষ্ট সবার মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে একটি কার্যকর সংস্কার রূপরেখা প্রণয়ন করা সম্ভব হবে, যা আগামী দিনের গণমাধ্যম ব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে তুলবে।
কর্মশালায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও। তিনি বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠান—কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা প্রয়োজন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম যদি দায়িত্বশীলতার সঙ্গে সমস্যাগুলো চিহ্নিত করে, তাহলে সেগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি হয় এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা আরও শক্তিশালী হয়। তিনি গণমাধ্যমকে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আয়োজিত এ কর্মশালায় গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও পেশাজীবীদের প্রতিনিধিরা অংশ নেন।








