নন্দিনী হত্যায় জড়িতদের কঠোর শাস্তি হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের ছোট শিশু নন্দিনী রায় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নন্দিনীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ছোট্ট শিশু নন্দিনীকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের এমন শাস্তি দেওয়া হবে, যাতে তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকে।
বিজ্ঞাপন
তিনি বলেন, নন্দিনী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি নন্দিনীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবারটিকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
বিজ্ঞাপন
নন্দিনীর পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








