Logo

জনগণের বিশ্বাস ও ভালোবাসাই সরকারপ্রধানের মূল শক্তি: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৫:৫১
জনগণের বিশ্বাস ও ভালোবাসাই সরকারপ্রধানের মূল শক্তি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসাই একজন গণতান্ত্রিক সরকারপ্রধানের মূল শক্তি। তাই নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে না ফেলে—এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে (এসএসএফ) নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৪০ বছর আগে সময়ের প্রয়োজনে এই বিশেষ নিরাপত্তা বাহিনী গঠিত হয়। পরে ১৯৯১ সালের ২৭ সেপ্টেম্বর এর নাম পরিবর্তন করে ‘এসএসএফ’ করা হয় এবং দায়িত্বের পরিধিও বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন

তিনি বাহিনীর বর্তমান ও সাবেক সব সদস্যকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন সময়ের দায়িত্বকাল এবং চিকিৎসা পরিস্থিতিতে এসএসএফের ভূমিকার প্রশংসা করেন। তার মৃত্যুর পর আয়োজিত বৃহৎ জানাজা ব্যবস্থাপনায়ও বাহিনীটির সমন্বয় গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সময়ে সরকারপ্রধান হিসেবে তিনি এসএসএফের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছেন। তবে এর সঙ্গে তার পরিচয় বহু আগের, খালেদা জিয়ার শাসনকাল থেকেই তিনি বাহিনীর কার্যক্রম দেখেছেন।

তিনি বলেন, সময়ের সঙ্গে নিরাপত্তা চ্যালেঞ্জ বহুগুণ বেড়েছে। সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে এখন বহুমাত্রিক ঝুঁকি তৈরি হয়েছে। এসব মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সেবার স্বার্থে তিনি তার গাড়িবহর ছোট করেছেন, যাতে জনজীবন স্বাভাবিক থাকে। ফলে এসএসএফকে সংখ্যা বাড়ানোর চেয়ে দক্ষতা ও কৌশলের ওপর বেশি গুরুত্ব দিতে হচ্ছে।

তিনি বলেন, রাজধানীসহ সারা দেশে জনসমাগমপূর্ণ কর্মসূচিতে সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করা একটি জটিল কাজ। এ ক্ষেত্রে নিরাপত্তা ও জনগণের চলাচলের স্বাভাবিকতা—দুই দিকই সমানভাবে বজায় রাখতে হয়।

বিজ্ঞাপন

এসএসএফের নবনির্মিত ফায়ারিং রেঞ্জ উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ‘রেড বুক’ হালনাগাদ করে আধুনিক ও সময়োপযোগী করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি সদস্যদের নীতিমালা মেনে চলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, এসএসএফ সদস্যদের জন্য পেশাদারত্ব, সাহস, সততা, শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অন্যান্য বাহিনী ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করাই নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী থেকে বাছাইকৃত সদস্যদের নিয়ে এসএসএফ গঠিত হয় এবং তাদের নিয়মিত উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। ভবিষ্যতেও বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা অব্যাহত রাখবে।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জনগণের সঙ্গে যেন কোনো ধরনের দুর্ব্যবহার না হয়। গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD