পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ ও স্পেনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যেতে উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্র।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ এসব ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং ক্রমবর্ধমান শিল্পখাত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে।
রাষ্ট্রদূত বিশেষভাবে উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তিনির্ভর খাত, অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে স্পেনের বিনিয়োগ ও ব্যবসায়িক অংশগ্রহণ বাড়ানোর আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী ও বেসরকারি খাতের মধ্যে সরাসরি যোগাযোগ ও অংশীদারিত্ব জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।
এ সময় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও স্পেনের মধ্যকার অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে একটি সম্ভাবনাময় ও নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিনিয়োগবান্ধব নীতি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, উন্নয়ন এবং প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ-স্পেন সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের জনগণের কল্যাণ এবং পারস্পরিক স্বার্থ রক্ষায় সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।








