Logo

বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জুন, ২০২৬, ০৮:০৮
বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
তারেক রহমান | ফাইল ছবি

বগুড়ায় নবগঠিত দুটি ইউনিয়নের নাম নিয়ে বিতর্কের পর সেগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে—এমন অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত আসে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী মৌখিকভাবে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছেনি।

জেলা প্রশাসকের ভাষ্য, মৌখিক নির্দেশনা পাওয়ার পরই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তীতে আনুষ্ঠানিক চিঠি এলে সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

নাম পরিবর্তনের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় নতুন করে গণশুনানির আয়োজন করা হবে বলেও জানান তিনি। স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

তৌফিকুর রহমান বলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পুনরায় গণশুনানির তারিখ নির্ধারণ করা হবে। ওই শুনানিতে স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করে প্রস্তাবিত নামগুলো নিয়ে মতামত নেওয়া হবে। জনগণের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

গত ১১ জুন জেলা প্রশাসনের জারি করা এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী’। অন্যদিকে মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম নির্ধারণ করা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।

বিজ্ঞাপন

নতুন ইউনিয়নগুলোর মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত নাম নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, ‘মীরবাড়ী’ নামটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিল রয়েছে। পাশাপাশি তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে সাদৃশ্য রেখে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরে নাম নির্ধারণ প্রক্রিয়া এবং গণশুনানির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়। বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে।

বিজ্ঞাপন

সংসদে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইউনিয়নগুলোর নাম উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং গণশুনানির ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, পুরো প্রক্রিয়ায় স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, একটি ইউনিয়নের অবস্থান গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় তার নাম ‘সীমান্ত’ রাখা হয়েছে। অন্য ইউনিয়নের ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় ‘দিগন্ত’ নাম নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

ইউনিয়নগুলোর নামের সঙ্গে তার দুই ছেলের নামের মিলকে তিনি সম্পূর্ণ কাকতালীয় বলে উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD