Logo

২৩৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জুন, ২০২৬, ২০:৪৫
২৩৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশজুড়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ ধরনের আরও যোগ্য মামলা পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, অতীতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটি মিথ্যা বা রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা দায়ের হয়েছিল, সে বিষয়ে সরকারের কাছে কোনো নির্দিষ্ট ও পূর্ণাঙ্গ পরিসংখ্যান নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাধারণত মামলা দায়েরের সময় এজাহার বা এফআইআরে অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয় না। ফলে দেশের বিভিন্ন এলাকায় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার সঠিক সংখ্যা নির্ধারণ করা বাস্তবসম্মত নয়।

আইনমন্ত্রী সংসদে জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছিল, যেগুলোকে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে দাবি করে আসছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা সম্পর্কে সরকারের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার রাজনৈতিক বিবেচনায় দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে ২০২৬ সালের ৫ মার্চ দেশের প্রতিটি জেলায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এসব কমিটি সংশ্লিষ্ট মামলার আবেদনপত্র, এফআইআর, চার্জশিট (যেখানে প্রযোজ্য), মামলার নথিপত্র এবং সরকারি কৌঁসুলির মতামত যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান করে।

বিজ্ঞাপন

পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। জেলা পর্যায়ের কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করে এই কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

সংসদে দেওয়া তথ্যে আইনমন্ত্রী বলেন, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশের ভিত্তিতে এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও জানান, যেসব মামলা এখনও পর্যালোচনার আওতায় রয়েছে এবং প্রত্যাহারের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে, সেগুলোও ধাপে ধাপে নিষ্পত্তি করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD