মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে দেশে আরও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিভিন্ন উদীয়মান খাতে মালয়েশিয়ার উদ্যোক্তারা লাভজনক সুযোগ পেতে পারেন। এসব সম্ভাবনা কাজে লাগাতে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী মহলকে বাংলাদেশ সফর ও বিনিয়োগের আহ্বান জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের এবং পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ ও জনগণের আন্তরিক যোগাযোগের ভিত্তিতে এই বন্ধুত্ব গড়ে উঠেছে। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করা হয়েছে।
তারেক রহমান স্মরণ করেন, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মালয়েশিয়া সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও শ্রমবাজারে সহযোগিতার ভিত্তি তৈরি করেছিল। এছাড়া ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মালয়েশিয়া সফরও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করেছিল।
তিনি জানান, দুই দেশের যৌথ কমিশনের বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার বিষয়েও সম্মতি হয়েছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন উচ্চমূল্যের খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সমাজের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনছে।








