প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ অস্থিরতা সৃষ্টি করতে পারে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তবে নিষিদ্ধ সংগঠনটির কিছু তৎপরতা নজরে এসেছে। বিভিন্ন এলাকায় তাদের মিছিল-সমাবেশের প্রস্তুতির তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় ঢাকা ও চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ ছয়টি এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের প্রতি আস্থাহীনতার কারণে সেনা মোতায়েন করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আস্থা বা অনাস্থার নয়। পুলিশ বাহিনীর সাফল্য ও অর্জনকে সরকার মূল্যায়ন করেছে। কোথাও শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে বিজিবি বা সেনাবাহিনীর সহায়তা নেওয়া নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
তিনি আরও বলেন, গত ১৫ জুন সারা দেশ থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় তারা দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছিল। তবে বর্তমানে সীমিত পরিসরে যে মোতায়েন করা হচ্ছে, তার সঙ্গে আগের পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞাপন
সেনাবাহিনী সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যান্য এলাকায় কোনো ঝুঁকি নেই কি না জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কয়েকটি এলাকায় বিশেষ নজরদারি প্রয়োজন বলে মনে হয়েছে। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, যা নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয়। দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ-৩ আসনের এক সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। তার বিরুদ্ধে কিছু অভিযোগ থাকায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে তারা সাক্ষাৎ করেছেন। বৈঠকে একজন নারী সনাতন ধর্মাবলম্বীর আলাদা প্রদেশের দাবি প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে মন্ত্রী বলেন, সেটি হয়তো বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত বলা হয়েছে কিংবা অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ হতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী রাজনৈতিক জোটের সমালোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যাবে, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অপরাধের হার কম। বিরোধী দলগুলো গণতান্ত্রিক পরিবেশে তাদের মতামত প্রকাশ করছে, এটিই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো সমাবেশ করছে এবং নিজেদের বক্তব্য তুলে ধরছে। একইভাবে সরকারও জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে।








