মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ান শহরের উদ্দেশে যাত্রা করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মালয়েশিয়া থেকে দালিয়ানে পৌঁছে প্রধানমন্ত্রী দুই দিন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কার্যক্রম শুরু হবে।
দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে বিমানবন্দরে তাকে বিদায় জানান দেশটির ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের চার মাসের মাথায় এটি প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। গত রোববার তিনি মালয়েশিয়ায় যান।
এর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ঢাকায় এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর ছয় দিনের সফরসূচি তুলে ধরেন।
বিজ্ঞাপন
তিনি জানান, চীন সফরের প্রথম দুই দিন (২৩–২৪ জুন) দালিয়ানে ‘সামার দাভোস’ নামে পরিচিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
ওই সম্মেলনে সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, উদ্ভাবক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। একই দিন সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।
বিজ্ঞাপন
২৪ জুন সকালে ১৭তম সামার দাভোসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
সফরকালে তিনি বেইজিংয়ের ডায়াওইউতাই স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন। সেখানে পরদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যার মধ্যে চীনের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
২৫ জুন বিকেলে চীনের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
বিজ্ঞাপন
২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাউ লির সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
সেদিনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সফর শেষে ওই দিনই বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।








