দেশে ১৯৬৯ নিবন্ধিত গণমাধ্যম, গুজব ঠেকাতে ফ্যাক্ট-চেকিং কমিটি

দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার মোকাবিলায় একটি বিশেষায়িত ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম কার্যদিবসে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সরকার নিবিড়ভাবে কাজ করছে। তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে গঠিত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
বিজ্ঞাপন
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা অপপ্রচার ছড়িয়ে পড়লে কমিটি দ্রুত তথ্য যাচাই করে তথ্যবিবরণী ও প্রতিবাদলিপি প্রস্তুত করে সরকারি-বেসরকারি গণমাধ্যমে পাঠাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, তথ্য অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ এলাকায় অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। পাশাপাশি অপপ্রচার ও সাইবার হয়রানি বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিয়মিত বিশেষ নিবন্ধ ও ফিচার প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী দেশের গণমাধ্যম খাতের হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি এবং বেসরকারি খাতে অনুমোদিত ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে।
দৈনিক পত্রিকার সংখ্যা সম্পর্কে তিনি জানান, বর্তমানে সারা দেশে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে ৫৯৩টি এবং দেশের অন্যান্য জেলা থেকে ৮৪৩টি পত্রিকা প্রকাশিত হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণভিত্তিক পোর্টাল ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল রয়েছে ৬১টি।








