চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়।
তথ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকে এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত কয়েক অর্থবছরেও বিটিভির আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের ব্যবধান ছিল।
বিজ্ঞাপন
২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় হয় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, আর ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে বিটিভির আয় বেড়ে ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকায় পৌঁছালেও ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে আয় কমে দাঁড়ায় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, যেখানে ব্যয়ের পরিমাণ ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা। সংসদে উপস্থাপিত তথ্য থেকে দেখা যায়, গত কয়েক বছর ধরেই বিটিভির ব্যয় আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে।








